দায় নিয়ে করজোড়ে ক্ষমা চাইলেন পলক

২ আগষ্ট, ২০২৪ ১৮:৩৬  

সরকারি চাকরিতে কোটা সংস্কার আন্দোলন ঘিরে সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব ও অপপ্রচার বন্ধে ব্যর্থতা এবং ইন্টারনেট সেবা ব্যাহত হওয়ার সব দায়ভার নিজের কাঁধে নিয়ে করজোড়ে করে ক্ষমা চাইলেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। এজন্য শাস্তি পেতেও প্রস্তুত উল্লেখ করে তিনি বলেছেন ‘চলমান আন্দোলন ঘিরে সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব ও অপপ্রচার বন্ধে ব্যর্থতা এবং ইন্টারনেট সেবা ব্যাহত হওয়ার সব দায়ভার নিজের কাঁধে নিচ্ছি। ব্যর্থতার জন্য প্রধানমন্ত্রী যে শাস্তি বা সিদ্ধান্ত দেবেন তা মাথা পেতে নিতে প্রস্তুত আছি।’

শুক্রবার (২ আগস্ট) বিকেলে নাটোরের নিজ বাসভবনে জাতীয় শোক দিবস স্মরণে সিংড়া উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে আলোচনা সভা, দোয়া ও মোনাজাত অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

বক্তব্যে বিভিন্ন দেশের উদাহরণ দিয়ে দেশী বিদেশী ষড়যন্ত্রকারীদের হাত থেকে দেশ এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে রক্ষা করার আহ্বানও জানান প্রতিমন্ত্রী।

তিনি বলেন, যেভাবেই হোক ছাত্রছাত্রী এবং কিশোর-কিশোরীদের সঙ্গে আমাদের যে দূরত্ব এবং ভুল বোঝাবুঝি সৃষ্টি হয়েছে, সেটা দূর করার উদ্যোগ গ্রহণ করতে হবে। সেটা আমাদের ঘর, প্রতিবেশী এবং প্রতিষ্ঠান থেকে করতে হবে। ছাত্রছাত্রীদের চোখের ভাষা বুঝতে হবে।

পলক বলেন, শিক্ষার্থীদের সঙ্গে যে দূরত্ব তৈরি হয়েছে, কখনও তাদের প্রতি কঠিন সিদ্ধান্ত নিয়ে সমাধান করা সম্ভব নয়। সঠিক সিদ্ধান্ত নিয়েই সেটার সমাধান করতে হবে। আমরা তাদের প্রতি কঠোর শাসনের পথ বেছে না নিয়ে তাদের প্রতি সংবেদনশীল হয়ে স্নেহ-মমতা নিয়ে বসে কথা শুনলে আমার বিশ্বাস, অবশ্যই এই ভুল বোঝাবুঝি দূর হবে। এতে ষড়যন্ত্রকারীদের চক্রান্ত সফল হবে না।

এর আগে বৃহস্পতিবার সচিবালয়ে সংবাদ সম্মেলনে ডিজিটাল শিল্প খাতে ১৮০০ কোটি টাকার ক্ষতির কথা তুলে ধরার পর এর দায় নিয়ে সাংবাদিকদের প্রশ্নের মুখে পড়েন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। বুধবারও বিটিআরসি’র সংবাদ সম্মেলনে কিছু বিব্রতকর প্রশ্নের মুখে পড়তে হয় তাকে।